শরিফ ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক ও গভীর উদ্বেগ প্রকাশ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশে চলমান পরিস্থিতি এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে। শনিবার (২০ ডিসেম্বর) কমনওয়েলথের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে মহাসচিব হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

বিবৃতিতে শার্লি বচওয়ে উল্লেখ করেন যে, ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি দেশের বিদ্যমান পরিস্থিতিতে আইনের শাসনের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান। বিশেষ করে গণমাধ্যমকর্মীসহ দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি তিনি গুরুত্বারোপ করেন।

সহিংসতার ঘটনায় অন্তর্বর্তী সরকারের অবস্থানকে স্বাগত জানিয়ে মহাসচিব বলেন, দায়ীদের জবাবদিহির আওতায় আনার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে এবং ঘৃণা প্রত্যাখ্যানের যে অঙ্গীকার করেছে, তা ইতিবাচক। তিনি এই সংকটময় সময়ে শান্ত থাকা, সর্বোচ্চ বিচক্ষণতা এবং সহনশীলতা প্রদর্শনের আহ্বানে নিজেও একাত্মতা প্রকাশ করেন।

অন্যদিকে, শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার তাগিদ দিয়েছে জাতিসংঘ। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরেসের পক্ষে তাঁর মুখপাত্র স্টিফেন ডুজারিখ এই আহ্বান জানান। তিনি হাদির হত্যায় নিন্দা প্রকাশ করেন এবং আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড অনুযায়ী একটি স্বচ্ছ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *