নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ৫টি যানবাহন নদীতে পড়ে যাওয়ার এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মাঝনদীতে ঘটা এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফেরিটি নারায়ণগঞ্জের নরসিংপুর এলাকার বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যাত্রী ও বিভিন্ন যানবাহন নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। মাঝনদীতে পৌঁছালে ফেরিতে থাকা একটি ট্রাক হঠাৎ চালু হয়ে সামনের দিকে এগোতে থাকে। এতে ট্রাকের সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি ধাক্কা খেয়ে সরাসরি নদীতে পড়ে যায়। এ সময় ট্রাকটিও পানিতে পড়ে যায়।
দুর্ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অন্যান্য যানবাহনের আরোহীরা নিখোঁজ ছিলেন। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে নৌ-পুলিশ। অভিযানে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন—মোটরসাইকেল আরোহী রফিক, রিকশাভ্যান চালক স্বাধীন এবং প্রবাসী মাসুদ।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান গণমাধ্যমকে জানান, ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ ৫টি যানবাহন নদীতে পড়ে যায় এবং এ ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মরদেহগুলো বর্তমানে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, রাত গভীর হওয়ায় এবং প্রতিকূল পরিস্থিতির কারণে আপাতত তল্লাশি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তবে কেউ এখনও নিখোঁজ রয়েছেন কি না তা নিশ্চিত হতে এবং ডুবে যাওয়া যানবাহনগুলো উদ্ধার করতে রবিবার সকাল থেকে পুনরায় অভিযান শুরু করা হবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধারকাজের পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।



