উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করা হয়েছে: সিলেটে তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিগত বছরগুলোতে উন্নয়নের নামে দেশের বিপুল পরিমাণ সম্পদ লুট করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জনাব তারেক রহমান তাঁর বক্তব্যে ষড়যন্ত্রকারীদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, দেশে ও বিদেশে বসে যারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তাদের ব্যাপারে সচেতন হতে হবে। দেশের মানুষ অতীতে যেমন ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে, আগামীতেও একইভাবে জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো চক্রান্ত রুখে দেওয়া হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

জনসভায় যোগ দেওয়ার আগে সকালে বিমানবন্দর এলাকার একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ‘ইয়ুথ পলিসি টক’ শীর্ষক অনুষ্ঠানে মতবিনিময় করেন তিনি। সেখান থেকে জনসভাস্থলে আসার পথে চৌহাট্টা মোড়সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার নেতাকর্মী তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সভামঞ্চে উঠলে পুরো মাঠ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এই সমাবেশে যোগ দেন। অনেক নেতাকর্মী আগের রাত থেকেই মাঠে অবস্থান নিতে শুরু করেন এবং সকাল ১১টার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্থান সংকুলান না হওয়ায় অনেককে পাশের সড়ক ও ফুটপাতে অবস্থান নিতে দেখা গেছে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ হওয়া পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য দেন। কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই জনসভায় সিলেট ও সুনামগঞ্জের ১১টি আসনের দলীয় প্রার্থীরাও উপস্থিত ছিলেন। এর মাধ্যমে বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *