ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত তিন নেতার মাজার এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে এ কার্যক্রমের সূচনা করেন দলের আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম।
প্রচারণা শুরুর প্রাক্কালে নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকেই ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২৪-এর অভ্যুত্থানের সূচনা হয়েছিল। সেই ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করেই এখান থেকে নির্বাচনি যাত্রা শুরু করা হয়েছে। তিনি এবারের নির্বাচনকে ‘আধিপত্যবাদ বিরোধী যাত্রা’ হিসেবে উল্লেখ করে বলেন, নতুন মাফিয়াদের বিরুদ্ধে ১০ দলীয় ঐক্যজোটের পক্ষে নাসীরুদ্দীন পাটওয়ারী লড়াই করছেন। এ সময় তিনি দেশবাসীকে ১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করার আহ্বান জানান।
বক্তব্যে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সরকারের প্রভাবে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না এবং তারা একটি বিশেষ দলকে বাড়তি সুবিধা দিচ্ছে।
অন্যদিকে, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনে তাঁদের অন্যতম প্রধান এজেন্ডা তুলে ধরেন। তিনি জানান, ২৪-এর আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছেন এবং বিশেষ করে শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করাই তাঁদের অন্যতম লক্ষ্য। ঐতিহাসিক এই স্থান থেকে প্রচারণার সূচনা দলটির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।



