বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হওয়ার জন্য তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ ওসমান হাদি ও জাতীয় কবির মাজার জিয়ারত শেষে তিনি সরাসরি শেরেবাংলা নগরে অবস্থিত নির্বাচন কমিশন (ইসি) ভবনে যান।
নির্বাচন কমিশন ভবনে তারেক রহমান এনআইডি নিবন্ধনের জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য প্রদানের পাশাপাশি আঙুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট), চোখের আইরিশ এবং ডিজিটাল স্বাক্ষর প্রদান করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই কার্যক্রমের আগে তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমান অনলাইনে ভোটার হওয়ার প্রাথমিক আবেদন ফরম পূরণ করেছিলেন।
এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এএসএম হুমায়ুন কবীর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ৭ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই তারেক রহমানের হাতে জাতীয় পরিচয়পত্র পৌঁছে দেওয়া সম্ভব হবে।
উল্লেখ্য, বাংলাদেশে ২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরু হলেও ২০০৮ সালে কারামুক্তির পর চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান তারেক রহমান। দীর্ঘদিন প্রবাসে অবস্থানের কারণে তিনি ভোটার হওয়ার সুযোগ পাননি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি এই নাগরিক অধিকার গ্রহণের উদ্যোগ নিলেন। এর আগে তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৮ সালে এবং সম্প্রতি তার স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন।



