গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন, আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। গত শুক্রবার (১২ ডিসেম্বর) নির্বাচনি প্রচারণাকালে গুলিবিদ্ধ হওয়ার পর তাঁর মাথায় প্রবেশ করা গুলি বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিকে বের হয়ে গেছে, যার ফলস্বরূপ গুরুতর মস্তিষ্ক আঘাত (ম্যাসিভ ব্রেন ইনজুরি) হয়েছে। বর্তমানে তাঁকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে চিকিৎসকরা হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান। এসময় হাসপাতালের পরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এবং ঢামেক নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

ঢামেক নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহিদ রাহান সাংবাদিকদের বলেন, “গুলিটি মাথার ভেতর দিয়ে ক্রস করে গেছে। এতে ম্যাসিভ ব্রেন ইনজুরি হয়েছে এবং ব্রেইন স্টেমেও আঘাত লেগেছে।” তিনি জানান, হাদিকে যখন হাসপাতালে আনা হয় তখন তাঁর মাথার খুলি খোলা রয়েছে এবং মস্তিষ্কের চাপ কমাতে মাথার খুলির হাড় অপসারণ করা হয়েছিল। মাথার ভেতরের রক্ত ও জমে থাকা ফ্লুইড অপসারণ করা হলেও ক্রমাগত চাপ এবং ব্লিডিংয়ের কারণে অবস্থার ওঠানামা হচ্ছে।

ডা. জাহিদ রাহান আরও বলেন, “জীবনের ন্যূনতম চিহ্ন এখনো আছে, তিনি পুরোপুরি নিস্তেজ হননি। তবে অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আমরা নিশ্চয়তা নিয়ে কিছু বলতে পারছি না।” তিনি উল্লেখ করেন, হাদির নিজস্ব শ্বাসপ্রশ্বাসের ক্ষমতা কিছুটা থাকলেও তাঁকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মো. সায়্যেদুর রহমান জানান, হাদিকে ঢামেকে আনার সময় তাঁর জিসি স্কোর (Glasgow Coma Scale Score) মাত্র ৩ ছিল এবং তিনি একবার কার্ডিয়াক অ্যারেস্টেও গিয়েছিলেন। তিনি সতর্ক করে বলেন, “আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় কোনো সুস্পষ্ট চিকিৎসা সিদ্ধান্ত দেওয়া বা আশার কথা বলা সম্ভব নয়।” চিকিৎসকরা জানান, সন্ধ্যার পর হাদির নাক ও গলা দিয়ে তীব্র রক্তক্ষরণ শুরু হয়েছিল, যা নিয়ন্ত্রণে আনা হয়।

চিকিৎসকদল আরও জানান, কিছুক্ষণ হেমোডাইনামিকালি স্টেবল থাকলেও পরে আবার অবস্থার ওঠানামা হচ্ছে। জীবন রক্ষার জন্য দেশবাসীর দোয়া প্রয়োজন বলেও তাঁরা মন্তব্য করেন। এই সংবাদ সম্মেলনের মাত্র দশ মিনিটের মধ্যেই শরীফ ওসমান হাদিকে আইসিইউ সাপোর্টেড অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *