গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ: সর্বোত্তম চিকিৎসার আশ্বাস

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। গুলিবিদ্ধ হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টায় টেলিফোনে কথা বলার সময় তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

ফোনালাপে প্রধান উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত। তিনি হাদির দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর জন্য দোয়া করছেন বলে জানান।

প্রধান উপদেষ্টা হাদির চিকিৎসার বিষয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা দিয়ে ওমর বিন হাদিকে বলেন, তিনি কয়েকজন উপদেষ্টাসহ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। সেই বৈঠক থেকে হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

চিকিৎসার ব্যয়ভার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা আশ্বাস দেন, হাদির চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় দেশে বা বিদেশে যেখানে প্রয়োজন হয়, সেখানে সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা সরকার করবে। প্রধান উপদেষ্টা বলেন, “হাদি আমাদের সবার অতি আপন ও স্নেহের মানুষ। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি… আশা করি তিনি দ্রুত আমাদের মধ্যে ফিরে আসবেন।”

উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় নির্বাচনি প্রচার চালানোর প্রস্তুতিকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে হাদি আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে লাইফ সাপোর্ট দিয়ে অস্ত্রোপচার করা হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, যখন হাদিকে হাসপাতালে আনা হয়, তখন তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল এবং তাঁকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দিতে হয়েছিল। তাঁর মাথার ভেতরে গুলি থাকার পাশাপাশি কানের আশেপাশেও গুলির আঘাত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *