এলডিপি ছেড়ে বিএনপিতে রেদোয়ান আহমেদ, কুমিল্লা-৭ আসনে ধানের শীষের প্রার্থী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দীর্ঘদিনের রাজনৈতিক জোট সঙ্গী লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে নিজ পুরনো দল বিএনপিতে ফিরেছেন দলটির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদ। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেন যে, চান্দিনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৭ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন রেদোয়ান আহমেদ। তাকে স্বাগত জানিয়ে ফখরুল বলেন, রেদোয়ান আহমেদের এই যোগদান মূলত ‘ঘরের ছেলের ঘরে ফিরে আসার’ মতো এবং এটি বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে।

সংবাদ সম্মেলনে রেদোয়ান আহমেদ তার দল ত্যাগের কারণ ব্যাখ্যা করে বলেন, “আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম। বিএনপি তার শরিকদের আসন বণ্টনে ছাড় দেবে—এর সঙ্গে আমি একমত। কিন্তু আমার দলের চেয়ারম্যান অলি আহমেদ বিএনপির এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন।” তিনি আরও জানান, এলডিপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য এবং সারা দেশের নেতা-কর্মীরা তার সঙ্গে একমত পোষণ করেছেন এবং ইতিপূর্বেই তিনি তার পদত্যাগপত্র চেয়ারম্যানের কাছে পাঠিয়েছেন।

রেদোয়ান আহমেদ আশা প্রকাশ করেন যে, অলি আহমেদ শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতায় আসবেন। তবে সমঝোতা হোক বা না হোক, তিনি বিএনপির প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে অনড়। তার দাবি অনুযায়ী, এলডিপির অধিকাংশ প্রভাবশালী নেতা ও কর্মীরাও বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের প্রার্থীদের পক্ষে কাজ করবেন।

উল্লেখ্য যে, ব্যবসায়ী রেদোয়ান আহমেদ ১৯৮৬ সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে রাজনীতিতে পরিচিতি পান। পরে ১৯৯১ সালে স্বতন্ত্র এবং ২০০১ সালে বিএনপির টিকিটে এমপি নির্বাচিত হয়ে খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে বিএনপি ছেড়ে তিনি অলি আহমদের এলডিপিতে যোগ দিয়েছিলেন।

যোগদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকুসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *