বিশ্ব গণমাধ্যমের শিরোনামে খালেদা জিয়ার জানাজা: ‘স্মরণকালের বৃহৎ জনসমাগম’

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিয়েছেন লাখো মানুষ। দেশের গণ্ডি পেরিয়ে মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ এই জানাজার খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও বিশেষ গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় শেষকৃত্যে শোক প্রকাশ করতে বিশাল জনতার ঢল নেমেছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা শিরোনাম করেছে, ‘খালেদা জিয়ার জানাজায় বিশাল জনসমাগম, সাবেক নেত্রীকে বিদায়।’ প্রতিবেদনগুলোতে জানাজার ব্যাপকতা ও জনসমুদ্রের বিষয়টি বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন তাদের প্রতিবেদনে লিখেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে পুরো বাংলাদেশ শোক পালন করছে এবং তার রাষ্ট্রীয় জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়েছে। দেশটির আরেক গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, শোকাহত হাজারো মানুষ তাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে মানিক মিয়া অ্যাভিনিউতে সমবেত হন।

ভারতের বিভিন্ন গণমাধ্যমও এই খবরটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে জানাজায় উপস্থিত বিশাল জনসমাগমের কথা উল্লেখ করেছে। অন্যদিকে কলকাতার শীর্ষ সংবাদমাধ্যম আনন্দবাজার লিখেছে, ‘জনারণ্যের মাঝেই খালেদার শেষকৃত্য! স্বামী মেজর জিয়ার পাশে সমাধিস্থ করা হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে।’

বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা সম্পন্ন হয়। এরপর তাকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই দাফন করা হয়। জানাজায় অংশ নিতে শাহবাগ থেকে মোহাম্মদপুর পর্যন্ত জনস্রোত ছড়িয়ে পড়ার তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে গুরুত্বের সাথে তুলে ধরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *