খালেদা জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন রিজভী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, “যিনি নিজের মাটি, দেশ, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি, তার প্রতি সবার ভালোবাসা থাকবেই। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি।”

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “কোনো মানুষ যেন হত্যা না হয় সেজন্য ৯৬’র ফেব্রুয়ারিতে সরকার গঠন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন।” এর বিপরীতে তিনি অভিযোগ করেন, “যারা হত্যাযজ্ঞ করে তত্ত্বাবধায়ক সরকার এনেছিল তারাই ক্ষমতায় এসে সেটা বাতিল করেছে।”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, “জনগণের ওপর বিশ্বাস না রেখে নিজের ইচ্ছামতো দেশ চালিয়েছেন শেখ হাসিনা। অথচ ১৯৯৫-৯৬ সালে বাস-ট্রাক পুড়িয়ে মানুষ হত্যা করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিলেন তিনি।” এ সময় রিজভী সরাসরি বলেন, “বেগম জিয়ার অসুস্থতা ওই হাসিনার কারণেই।”

সবশেষে জনগণের কষ্ট হয় এমন কাজ না করার আহ্বান জানিয়ে রিজভী অন্তর্বর্তীকালীন সরকারকে জনস্বার্থে কাজ করার অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *