বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসে পৌঁছেছেন। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় সাবেক সচিব মো. আব্দুল খালেক ও মুঞ্জুর মোর্শেদ চৌধুরী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
জানা গেছে, ব্রিটিশ এই বিশেষজ্ঞ চিকিৎসক ইতোমধ্যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছেন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাঁকে হাসপাতালে স্বাগত জানান।
এদিকে, বেগম খালেদা জিয়ার চিকিৎসার্থে আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে চীন থেকে ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকা এসে পৌঁছাবেন বলে জানানো হয়েছে। তাদেরকেও সাবেক সচিব মো. আব্দুল খালেক ও মুঞ্জুর মোর্শেদ চৌধুরী বিমানবন্দরে স্বাগত জানাবেন।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের ঢাকায় পৌঁছানোর এই তথ্য জানানো হয়েছে।



