শোককে জাতি গঠনের শক্তিতে রূপান্তর করতে চাই: সালাহউদ্দিন আহমদ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলগতভাবে বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত শোককে শক্তিতে রূপান্তর করতে চাই। তবে এই শক্তিকে কেবল নির্বাচনের মতো সংকীর্ণ দলীয় কাজে ব্যবহার না করে বৃহত্তর জাতি বিনির্মাণের লক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার শূন্য হওয়া নির্বাচনি আসনগুলোর মনোনয়ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, যেহেতু বেগম জিয়া আর সশরীরে উপস্থিত নেই, তাই নিয়মানুযায়ী তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হবে। তবে ওই আসনগুলোতে দলের পক্ষ থেকে ইতিমধ্যে বিকল্প প্রার্থী রাখা হয়েছে। প্রাথমিক বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পর যাদের মনোনয়ন টিকে থাকবে, তাদের মধ্য থেকেই চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা নিয়ে করা এক প্রশ্নের জবাবে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, এই মুহূর্তে নির্বাচন পেছানোর কোনো আইনি সুযোগ নেই। সাধারণত বাছাই প্রক্রিয়া এবং প্রতীক বরাদ্দের পর কোনো বিশেষ আইনি জটিলতা তৈরি হলে স্থগিতের বিষয় আসে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তেমন কোনো প্রেক্ষাপট নেই।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তাকে অত্যন্ত শক্ত মনোবলের অধিকারী হতে হবে। জাতীয় স্বার্থে এবং দলের প্রয়োজনে শোক কাটিয়ে উঠে তাকে দৃঢ় থাকা ছাড়া আর কোনো বিকল্প নেই।

সালাহউদ্দিন আহমদ আরও পরিষ্কার করেন যে, এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নতুন কোনো রাজনৈতিক কর্মসূচি নির্ধারিত নেই। বেগম জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের সময় দলের অন্যান্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *