বাগেরহাট-১ আসনের সংসদ নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী এস এম মুশফিকুর রহমান। রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুশফিকুর রহমান বলেন, তিনি বাগেরহাট-১ আসনের সর্বস্তরের জনগণকে জানাতে চান যে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেওয়া তার মনোনয়নপত্রটি তিনি প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
নিজের এই সিদ্ধান্তের পেছনে কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুশফিকুর রহমান বিগত খুলনা সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে আনেন। তিনি জানান, বিগত সরকারের আমলে অনুষ্ঠিত ওই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। তার অভিযোগ, তৎকালীন দলীয় ক্যাডার বাহিনী বেষ্টিত সেই নির্বাচনে ব্যাপক দুর্নীতি ও ভোট জালিয়াতির মাধ্যমে তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল।
তিনি আরও উল্লেখ করেন, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে তিনি ওই সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। মুশফিকের দাবি অনুযায়ী, আদালত তার পক্ষে রায় দিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে তার শপথের ব্যবস্থা করতে নির্বাচন কমিশনকে আদেশ প্রদান করেছেন। নির্বাচন কমিশন আদালতের এই রায় দ্রুত বাস্তবায়ন করবে—এমন প্রত্যাশা থেকেই তিনি জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তিনি তার নির্বাচনি এলাকার জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রচার-প্রচারণা ও এই দীর্ঘ পথচলায় সাধারণ মানুষের যে ভালোবাসা, আস্থা ও সম্মান তিনি পেয়েছেন, তার জন্য তিনি আজীবন কৃতজ্ঞ থাকবেন। সংবাদ সম্মেলনে মুশফিকুর রহমানের সাথে তার রাজনৈতিক অনুসারী ও কর্মীরা উপস্থিত ছিলেন।



