বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হলেন ড. মাহদী আমিন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মাহদী আমিন। তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, এখন থেকে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে মাহদী আমিন নিয়মিত গণমাধ্যমে ব্রিফিং করবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে দলের অবস্থান তুলে ধরবেন।

এর আগে গুলশান ৯০ নম্বর রোডে অবস্থিত বিএনপির নির্বাচনী অফিসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিষয়ক কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে গত বৃহস্পতিবার রাতে ৪১ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে বিএনপি। এই কমিটিতে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া মো. ইসমাইল জবিউল্লাহকে এই কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

এখন থেকে এই কমিটির হয়ে ড. মাহদী আমিন নিয়মিতভাবে নির্বাচনের প্রস্ততি ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *