ইসলামী আন্দোলনের জন্য এখনো আলোচনার দরজা উন্মুক্ত: জামায়াত

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে না থাকার বিষয়ে স্পষ্ট ঘোষণা দিলেও দলটির জন্য আলোচনার দরজা এখনো উন্মুক্ত বলে জানিয়েছে জামায়াত। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এই বার্তা দেন।

ইসলামী আন্দোলনের জোটে ফেরার সুযোগ আছে কি না—এমন প্রশ্নে জুবায়ের বলেন, “আমরা সব সময় বলেছি, আমাদের দরজা সবার জন্য উন্মুক্ত। এখনো আমাদের সেই একই বার্তা রয়েছে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার সকাল ৯টা থেকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একটি গুরুত্বপূর্ণ অধিবেশন চলছে। বৈঠকে মূলত ২২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া নির্বাচনী প্রচারণার সূচি ও বিস্তারিত পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে। কোন জেলায় বা কোন আসনে কখন প্রচারণা চালানো হবে এবং কারা উপস্থিত থাকবেন, তার একটি খসড়া প্রস্তাব এই বৈঠকে চূড়ান্ত করার কথা রয়েছে।

নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে জুবায়ের জানান, আজকের বৈঠকে দলের ইশতেহারটিও চূড়ান্ত হবে। সুবিধাজনক সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এটি জাতির সামনে উপস্থাপন করা হবে। এছাড়া রাষ্ট্র পরিচালনার জন্য বিশেষজ্ঞ টিমের তৈরি করা বিভিন্ন ‘পলিসি পেপার’ আজকের বৈঠকে পেশ করা হচ্ছে এবং তা চূড়ান্ত অনুমোদন পাবে। জনগণের ভোটে ক্ষমতায় গেলে দলটির কর্মপন্থা কী হবে, তা এই পলিসি পেপারে বিস্তারিত উল্লেখ রয়েছে যা পরবর্তীতে ওয়েবসাইটেও পাওয়া যাবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন কমিশনের ভূমিকা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হচ্ছে। অবশিষ্ট ৪৭টি আসনের বিষয়ে জুবায়ের জানান, এ নিয়ে তাঁদের একটি লিয়াজোঁ কমিটি কাজ করছে। কমিটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালে আনুষ্ঠানিকভাবে তা সংবাদমাধ্যমকে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *