আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৯ জানুয়ারি) প্রকাশিত এই রোডম্যাপে প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ, প্রচারণা এবং ভোটগ্রহণের চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
ইসির ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (২০ জানুয়ারি) হচ্ছে নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এর পরদিন ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ ও তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। পরবর্তী ধাপ হিসেবে ২২ জানুয়ারি দেশের সকল ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করার কথা রয়েছে।
তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। চূড়ান্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২৪ জানুয়ারি নির্বাচনী সামগ্রী যাচাইকরণ, ব্যালট পেপারের গোপনীয়তা রক্ষা, ভোটগণনা এবং ফলাফল একত্রীকরণসহ বিভিন্ন কারিগরি বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের কথা বলা হয়েছে। এছাড়া ২৫ জানুয়ারি ব্যালট পেপার মুদ্রণের জন্য সরকারি প্রেসে আদেশ দেওয়া হবে।
রোডম্যাপে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী ২৮ জানুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসির বিশেষ সভা অনুষ্ঠিত হবে, যেখানে তাদের অর্থের চাহিদাও যাচাই করা হবে। পরবর্তীতে ১ ফেব্রুয়ারি নির্বাচনী ব্যয়ের জন্য অর্থ বরাদ্দ এবং নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে। ২ ও ৩ ফেব্রুয়ারি সারা দেশে মাঠ পর্যায়ে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু হবে।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, শীঘ্রই নির্বাচনী পর্যবেক্ষকদের অনুমতি দেওয়া হবে। তবে এবারের রোডম্যাপে একটি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যে, ভোটকেন্দ্রের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ক্যাম্প তৈরি করা যাবে না। ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ ও সুশৃঙ্খল রাখতে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।



