ভোট চুরির আশঙ্কায় রুমিন ফারহানার সতর্কবার্তা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাচগাঁও এলাকায় গ্রামবাসীদের সঙ্গে আয়োজিত একটি নির্বাচনি জনসভার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর কার্যক্রম শুরু করেন।

পরমানন্দপুর পশ্চিমপাড়া খেলার মাঠে আয়োজিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা ভোট চুরির আশঙ্কা প্রকাশ করে ভোটারদের সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি বলেন, বহু বছর পর ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন এবং এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। তিনি স্মরণ করিয়ে দেন যে, তাঁর পিতা ভাষা সৈনিক অলি আহাদ ১৯৭৩ সালে এই আসন থেকে নির্বাচিত হলেও তাঁকে কাজ করতে দেওয়া হয়নি।

নির্বাচনী স্বচ্ছতা রক্ষায় রুমিন ফারহানা বলেন, “আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটারদের সতর্ক ও সজাগ থাকতে হবে। কেউ যেন ভোট চুরি করতে না পারে, সেজন্য প্রত্যেককে যার যার কেন্দ্রের পাহারায় থাকতে হবে।” ভোটারদের একটি ভোট এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ নিশ্চিত করবে বলে তিনি মন্তব্য করেন।

নিজের নির্বাচনি প্রতীক সম্পর্কে তিনি বলেন, “হাঁস হলো ভাগ্য পরিবর্তন ও নতুন শান্তির প্রতীক।” এলাকার উন্নয়ন ও জাগরণের লক্ষ্যে ভোটারদের হাঁস মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এলাকার সমস্যা তুলে ধরে রুমিন ফারহানা আক্ষেপ প্রকাশ করেন যে, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের অনেক অবহেলিত জনপদে আজও প্রত্যাশিত উন্নয়ন হয়নি। তিনি ভোটারদের কাছে একবার সুযোগ চেয়ে দৃঢ় আশ্বাস দেন যে, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও উন্নত যোগাযোগ ব্যবস্থাসহ সামগ্রিক উন্নয়নে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন। এমনকি এলাকার স্বার্থে তিনি সরকারকে উন্নয়নমূলক কাজ করতে বাধ্য করবেন বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *