ভোটের পুরনো সমীকরণ এবার বদলে যাবে: আসিফ মাহমুদ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আসন্ন নির্বাচনে ভোটের পুরনো সব হিসাব-নিকাশ বদলে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি দাবি করেছেন, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে গত ৫০-৫৫ বছর ধরে যে রাজনৈতিক সমীকরণ চলে আসছিল, এবারের নির্বাচনে তার প্রতিটি ইকুয়েশন ভেঙে গেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘তারুণ্যের উৎসব ২০২৬’ শীর্ষক এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা-১০ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. জসীম উদ্দীন সরকারের সমর্থনে এই সমাবেশের আয়োজন করা হয়। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া দল এনসিপি বর্তমানে জামায়াতসহ ১০-দলীয় ঐক্যের অংশীদার হিসেবে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিচ্ছে।

আসিফ মাহমুদ বলেন, “রাস্তায় সবজিওয়ালা, রিকশাচালক থেকে শুরু করে শিক্ষক-ছাত্র সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বললে বোঝা যায় যে পলিটিক্যাল ডেমোগ্রাফি বা রাজনৈতিক জনমিতির পরিবর্তন হয়েছে। ফলে আগের গতানুগতিক হিসাব যে অমুক দলের ৩০ শতাংশ আর তমুক দলের ৪০ শতাংশ ভোট সেই হিসাব এবার জনগণ বদলে দেবে।”

বক্তব্যে তিনি গত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, এবারের নির্বাচন নির্ধারণ করবে দেশ আগের মতো গুম-খুন, দুর্নীতি ও অপশাসনের কালো অধ্যায়ে ফিরবে কি না। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান বর্তমানে একদিকে হেলে যাচ্ছে। এ সময় তিনি বর্তমান কমিশনকে পূর্ববর্তী বিতর্কিত কমিশনারদের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, অদূর ভবিষ্যতে কোনো বিব্রতকর পরিস্থিতিতে আপনারা পড়ুন, তা আমরা চাই না। ভোটে কোনো অনিয়ম হলে জুলাইয়ের মতো প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।

১০-দলীয় ঐক্যের উদ্দেশ্য ব্যাখ্যা করে এনসিপি মুখপাত্র জানান, এই ঐক্য কেবল আসন ভাগাভাগির জন্য নয়, বরং কিছু মৌলিক সংস্কার ও নীতির ভিত্তিতে গঠিত হয়েছে। নির্বাচনে বিজয়ী হলে এই জোট রাষ্ট্রীয় সংস্কারের কাজে আরও জোরালো উদ্যোগ নেবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, আসিফ মাহমুদ নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিলেও ঢাকা-১০ আসনে জসীম উদ্দীন সরকারকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এই আসনের মানুষ পরিবর্তন চায় এবং কোনো স্বীকৃত সন্ত্রাসী বা চাঁদাবাজকে বিজয়ী হিসেবে দেখতে চায় না।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য নুর নবী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা-১০ আসনের প্রার্থী জসীম উদ্দীন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ইসলামি সংগীত পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *