বিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে: তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপি সরকার গঠন করলে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাজানো হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। পড়াশোনাকে শিক্ষার্থীদের কাছে সহজ ও আনন্দদায়ক করার ওপর জোর দিয়ে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে যাতে শিশুরা পড়াশোনার প্রতি আগ্রহী হয়। শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে আয়োজিত এই ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে তারেক রহমান বলেন, শুধু একাডেমিক পড়াশোনা যথেষ্ট নয়; খেলাধুলা, শিল্প ও সংস্কৃতিকেও শিক্ষা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ করতে হবে। প্রতিটি ক্ষেত্রে পাশের হার বা যোগ্যতার মানদণ্ড থাকতে হবে। এতে করে শিশুদের অতিরিক্ত ইন্টারনেট আসক্তি থেকে দূরে রাখা সম্ভব হবে বলে তিনি মনে করেন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে বিশেষ টিম গঠনের পরিকল্পনাও রয়েছে বিএনপির।

শিক্ষকদের মানোন্নয়ন ও সামাজিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কেবল ভবন বা অবকাঠামো নির্মাণ করলেই হবে না, শিক্ষকদের যোগ্য করে গড়ে তুলতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই সামাজিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। শিশুদের জন্য বিএনপির একটি আলাদা ও সুসংগঠিত পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জনদুর্ভোগ ও অর্থনীতি প্রসঙ্গে জনাব তারেক রহমান বলেন, বর্তমানে সরকারের অনেক প্রজেক্ট থাকলেও সেগুলো অসংগঠিত। বিএনপি ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে সব সামাজিক সুবিধা এক জায়গায় নিয়ে আসবে। নিত্যপণ্যের দাম কমানোর বিষয়ে তিনি মধ্যস্বত্বভোগীদের অনৈতিক মুনাফা রোধ এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার ওপর জোর দেন। কৃষকদের প্রণোদনা দেওয়ার পাশাপাশি দুর্নীতি রোধ ও সবার নিরাপত্তা নিশ্চিত করাকে তিনি অগ্রাধিকারমূলক কাজ হিসেবে চিহ্নিত করেন।

ঢাকার ট্রাফিক জ্যাম বা যানজট নিরসনে তারেক রহমান আধুনিক নগরায়ণের পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, সব কিছু ঢাকাকেন্দ্রিক হওয়ার কারণে জ্যাম বাড়ছে। এর সমাধানে ঢাকার বাইরে শিক্ষা ও স্বাস্থ্যের সব সুবিধাসহ ‘স্যাটেলাইট টাউন’ গড়ে তোলা হবে। এছাড়া গণপরিবহন ব্যবস্থায় মেট্রোর পাশাপাশি সাশ্রয়ী ও কম জায়গাসম্পন্ন ‘মনোরেল’ চালুর সম্ভাবনার কথা জানান তিনি, যা ঢাকার সব এলাকাকে যুক্ত করতে পারবে।

সবশেষে প্রবাসীদের নিয়ে তার পরিকল্পনা তুলে ধরে জনাব তারেক রহমান বলেন, বর্তমানে আমাদের তরুণরা অদক্ষ অবস্থায় বিদেশে যাচ্ছে। তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে বিদেশে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া প্রবাসীরা যদি বৈধ বা সঠিক চ্যানেলে রেমিট্যান্স পাঠান, তবে তাদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা রাখা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *