বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতায় যাওয়ার চেষ্টার অভিযোগ আমির খসরুর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের কোনো কোনো রাজনৈতিক দল বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তবে বিএনপি কারো সঙ্গে কখনো আপস করেনি এবং বিএনপির মাথায় এ ধরনের চিন্তা আসেও না বলে তিনি মন্তব্য করেন।

শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রামের পাঠানটুলি ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। আমির খসরু আরও বলেন, বিএনপি হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রধান শক্তি এবং দেশের সবচেয়ে জনপ্রিয় দল। এদিন তাঁর নির্বাচনী প্রচারণাটি আগ্রাবাদ রেডিও অফিসের সামনে থেকে শুরু হয়ে ডেবার পার, কমার্স কলেজ রোড, মোগলটুলি, দত্তপাড়া ও কাপুড়িয়া পাড়াসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

এদিকে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) নির্বাচনী এলাকায় প্রচারণা চালিয়েছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী। প্রচারণাকালে তিনি নিজেকে ভাটিয়ারীর সন্তান হিসেবে উল্লেখ করে বলেন, পেশাগত জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পরও তিনি এলাকা ছেড়ে যাননি। আমরণ সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

অন্যদিকে, চট্টগ্রাম-১০ (খুলশি-পাহাড়তলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান ফইল্যাতলী এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়েছেন। গণসংযোগকালে তিনি দলটির নেতা তারেক রহমানের আসন্ন জনসভা সফল করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বিভাগীয় এই শহরটিতে নির্বাচনী আমেজ বাড়ার পাশাপাশি প্রার্থীদের এমন পাল্টাপাল্টি বক্তব্য ও গণসংযোগ নিয়ে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *