বাগেরহাটের মোংলায় তিন শতাধিক হিন্দু ও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। রোববার (২৫ জানুয়ারি) রাত ৮টার দিকে পৌর শহরের হোটেল টাইগারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত এক মতবিনিময় সভায় এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। যোগদানকারীদের তিনি সাদরে গ্রহণ করেন এবং শুভেচ্ছা জানান।
দলে যোগদানকালে হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা জানান, বিগত সময়ে তারা অন্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে তারা বিএনপিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তারা অভিযোগ করেন, আগে যে দলে ছিলেন তারা তাদের কেবল ব্যবহার করেছে এবং ‘সংখ্যালঘু’ তকমা লাগিয়ে সমাজে বিভাজন তৈরি করে রেখেছিল। তবে ৫ আগস্টের পর থেকে স্থানীয় বিএনপি তাদের যেভাবে সহায়তা ও নিরাপত্তা দিয়েছে, তাতে আশ্বস্ত হয়েই তারা ধানের শীষের কাতারে শামিল হয়েছেন। নির্বাচনের পরবর্তী সময়েও তারা প্রার্থীর কাছে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ প্রসঙ্গে ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, “বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশে ‘সংখ্যালঘু’ বলতে কোনো তকমা থাকবে না। এই তকমা দিয়ে বিগত সময়ে একটি নির্দিষ্ট গোষ্ঠী সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করে রেখেছিল।” তিনি আরও জোর দিয়ে বলেন, সব ধর্ম-বর্ণের মানুষ এই দেশের নাগরিক এবং সবার সমান অধিকার রয়েছে। নির্বাচিত হলে তিনি এই এলাকার সকল সম্প্রদায়ের মানুষের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার এবং সর্বদা পাশে থাকার অঙ্গীকার করেন।
উক্ত মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



