ফিলিপাইনে ফেরিডুবিতে অন্তত ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ৪৩

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে ৩৫৯ জন আরোহী নিয়ে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ জানুয়ারি) ভোরে ঘটা এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৪৩ জন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বাসিলানের মেয়র আরসিনা লাজা কাথিং নানোহ এবং ফিলিপাইন কোস্টগার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ‘ত্রিশা কেরস্টিন ৩’ নামের ফেরিটি ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রু নিয়ে জাম্বোয়াঙ্গা শহর থেকে মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশে রওনা হয়েছিল। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়।

ঘটনার পর থেকেই কোস্টগার্ডের ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করেছেন। এখন পর্যন্ত ১৩৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্যোগ মোকাবিলা দপ্তরের মুখপাত্র রোনালিন পেরেজ জানিয়েছেন, জীবিত উদ্ধার হওয়াদের মধ্যে ১৮ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফেরিটি ঠিক কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে কর্তৃপক্ষের মূল মনোযোগ নিখোঁজদের উদ্ধারের দিকে। উদ্ধার অভিযানে গতি আনতে মিন্দানাও প্রাদেশিক প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করছে কোস্টগার্ড ও দুর্যোগ মোকাবিলা দপ্তর। উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কর্মীসংকটের কারণে মিন্দানাও কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তৎপরতা চালানো হচ্ছে।

ফিলিপাইনের ভৌগোলিক অবস্থান ও যাতায়াত ব্যবস্থার কারণে ফেরি দুর্ঘটনা এখানে নতুন নয়। এর আগে ২০২৩ সালেও দেশটির দক্ষিণাঞ্চলে একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছিল। বর্তমান এই দুর্ঘটনায় নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *