লন্ডনে সড়ক দুর্ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি নারী নিহত

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের লন্ডনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইয়াসমিন বেগম (৪০) নামের এক ব্রিটিশ-বাংলাদেশি নারী নিহত হয়েছেন। গত ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে লন্ডনের এম-১১ মোটরওয়ের হার্লো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন বেগম পূর্ব লন্ডনের স্টেপনি এলাকায় জন্মগ্রহণ করেন এবং তার আদি পৈতৃক নিবাস সিলেট সদরে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়াসমিন বেগম এবং তার এক নারী আত্মীয় তুরস্ক থেকে ছুটি কাটিয়ে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে ওই আত্মীয়র স্বামী তাদের গাড়িতে করে স্টেপনি এলাকায় নিজ বাসভবনের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরওয়েতে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ও জরুরি বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ইয়াসমিন বেগমকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি; তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

দুর্ঘটনায় গাড়িতে থাকা অন্য দুই আরোহী মারাত্মকভাবে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে পূর্ব লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে বর্তমানে তাদের চিকিৎসা চলছে। ইয়াসমিন বেগমের মরদেহটি ময়নাতদন্তের জন্য হার্লো হাসপাতালে রাখা হয়েছে।

ব্যক্তিগত জীবনে ইয়াসমিন বেগম টাওয়ার হ্যামলেটসের একটি স্কুলে টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ৪ বছর বয়সী এক কন্যা এবং ৭-৮ বছর বয়সী এক পুত্র সন্তান রেখে গেছেন।

নিহতের স্বজনরা জানিয়েছেন, ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরপরই মরহুমের জানাজার নামাজের সময় ও স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।

সুত্রঃ https://www.facebook.com/share/v/17rQSAHdja/?mibextid=wwXIfr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *