কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১১১, ধসে পড়েছে বহু ভবন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হানা একটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ জন ছাড়িয়েছে। আকস্মিক এই ভূকম্পনে অনেক ভবন ধসে পড়েছে এবং শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। এতে বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন এবং আতঙ্কে বাসিন্দাদের বড় একটি অংশ নিরাপদ আশ্রয়ে সরে গেছেন বলে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, সোমবার (১০ আগস্ট) ভোরে আঘাত হানা ৭.৪ মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় চোকো প্রদেশের সান হোসে দেল পালমারের কাছে, যার গভীরতা ছিল ১০৭ কিলোমিটার। শক্তিশালী এই কম্পন কলম্বিয়ার বিভিন্ন বড় শহরেও তীব্রভাবে অনুভূত হয়েছে। এর ফলে ব্যাপক প্রাণহানি ও বস্তুগত ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করে সতর্কতা জারি করেছে সংস্থাটি।

প্রতিবেদনে পাওয়া তথ্যানুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে কফি উৎপাদনের জন্য বিখ্যাত রিসারালদা প্রদেশে। সেখানকার গভর্নর হুয়ান দিয়েগো পাতিনো স্থানীয় কারাকোল টেলিভিশনকে নিশ্চিত করেছেন যে, তাঁর অঞ্চলে অন্তত ৪২ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া রিসারালদার রাজধানী পেরেইরা এবং ম্যানিজালেস শহরের ঐতিহাসিক ক্যাথেড্রালসহ একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ও ধসে পড়েছে।

অন্যদিকে, দেশের অন্যতম বড় শহর ক্যালিতে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। শহরের মেয়র আলেহান্দ্রো এদের জানান, ক্যালিতে অন্তত ৩০টি ভবন ধসে পড়েছে, যার মধ্যে ১০টিতে জোরকদমে উদ্ধারকাজ চালানো হচ্ছে। স্থানীয় অধিবাসীরা সাধারণ মানুষের সহায়তায় মানবশৃঙ্খল তৈরি করে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করলেও ভারী যন্ত্রপাতির তীব্র অভাব দেখা দিয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের সবচেয়ে কাছের এলাকা চোকো প্রদেশের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্দোবা-কুরি জানিয়েছেন, রাজধানী কুইবদোতে অনেক লোক হতাহত হয়েছেন। একই সাথে বাসিন্দাদের পরাঘাত বা আফটারশকের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সদ্য দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লার প্রশাসনের জন্য এই প্রাকৃতিক দুর্যোগ একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।