আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নরসিংদী-২ (পলাশ) আসনের ডাঙ্গা ইউনিয়নের তালতলা গ্রামে আয়োজিত এক নির্বাচনি উঠান বৈঠকে তিনি এই আহ্বান জানান।
পলাশ আসনের ধানের শীষের এই প্রার্থী বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা এবং নিজেদের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য অপেক্ষা করছে। তিনি অভিযোগ করেন, দীর্ঘ ২০ বছর ধরে এ দেশের সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ জানান তিনি।
ড. মঈন খান আরও বলেন, “মানুষ এখন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। আসন্ন নির্বাচনে কেন্দ্রে গিয়ে নিজেদের ইচ্ছামতো ভোট দেওয়ার মাধ্যমেই গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা সম্ভব।”
ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন—পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম-সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন এবং ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা।
নির্বাচন ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। মঈন খান তাঁর বক্তব্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনি প্রচার চালিয়ে যাওয়ার এবং ভোটারদের ভোটমুখী করার নির্দেশনা দেন।



