কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? পেট পরিষ্কার রাখতে সকালে যা খাবেন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ব্যস্ত জীবনযাত্রা, কাজের চাপ কিংবা খাদ্যাভ্যাসে অনিয়মের কারণে বর্তমান সময়ে কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শরীরে পর্যাপ্ত ফাইবারের অভাব, কম পানি পান করা এবং অতিরিক্ত ফ্যাটযুক্ত খাবার খাওয়ার ফলে মলত্যাগে জটিলতা সৃষ্টি হয়। এর ফলে পেট ফোলা, অস্বস্তি এবং গুরুতর ক্ষেত্রে মলদ্বার থেকে রক্তপাতের মতো ঘটনাও ঘটতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সকালে ঘুম থেকে উঠে কিছু নির্দিষ্ট খাবার ও পানীয় গ্রহণের মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

কোষ্ঠকাঠিন্য দূর করতে সকালে খালি পেটে এক গ্লাস কুসুমগরম পানিতে পাতিলেবুর রস মিশিয়ে খাওয়া অত্যন্ত কার্যকর। এটি শরীরে হাইড্রেশন ফিরিয়ে আনে এবং পেট পরিষ্কার করতে সাহায্য করে। এ ছাড়া আগের রাতে ভিজিয়ে রাখা কালো কিশমিশ বা ডুমুর সকালে খেলে তাতে থাকা প্রচুর ফাইবার কোষ্ঠকাঠিন্য কমায়।

ফলমূলের মধ্যে পাকা পেঁপে ও কলা নিয়মিত খাওয়ার পরামর্শ দেওয়া হয়। পেঁপেতে থাকা ‘পাপাইন’ এনজাইম হজমে সহায়তা করে এবং কলাতে থাকা পটাশিয়াম ও ফাইবার বাওয়েল মুভমেন্ট স্বাভাবিক রাখে। অন্যদিকে, রাতে ঘুমানোর আগে বা সকালে এক গ্লাস দুধে এক চামচ ঘি মিশিয়ে খেলে তা ল্যাক্টোজ ও হেলদি ফ্যাটের প্রভাবে মল ত্যাগের প্রক্রিয়াকে সহজ করে তোলে। যারা দুধ খেতে পারেন না, তারা গরম পানিতে ঘি মিশিয়েও খেতে পারেন।

বর্তমানে জনপ্রিয় চিয়া সিডসও কোষ্ঠকাঠিন্য তাড়াতে বেশ কার্যকর। পানিতে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখা চিয়া সিডস খেলে তা মলকে নরম করে দেয়। তবে মনে রাখতে হবে, চিয়া সিডস খাওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে পানি পান করা প্রয়োজন। নিয়মিত এসব অভ্যাস গড়ে তুললে কোষ্ঠকাঠিন্যের ভোগান্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *