আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কঠোর বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত বিভাগীয় আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট জানান, নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না।
প্রশাসনের বিরুদ্ধে কোনো কোনো প্রার্থীর আনা একপাক্ষিক আচরণের অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এই ধরনের অভিযোগগুলো মূলত রাজনৈতিক। ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে প্রার্থীরা এমন বক্তব্য দিচ্ছেন। তিনি দাবি করেন, প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে এবং নির্বাচনের সময় যে যার রাজনৈতিক বক্তব্য দেবে এটাই স্বাভাবিক।
নির্বাচনে নিরাপত্তার বিশাল প্রস্তুতির কথা উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় ১ লাখ সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ, ৫ হাজার নৌবাহিনী, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র্যাব, ৫ হাজার কোস্টগার্ড এবং প্রায় ৬ লাখ আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় এবার কোস্টগার্ড ও নৌবাহিনীর সংখ্যা আগের চেয়ে বাড়ানো হয়েছে।
প্রযুক্তির ব্যবহার ও বিশেষ পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে এবার বডি ক্যামেরা, সিসি ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করা হবে। ফলে অপরাধ করে কারো পালানোর সুযোগ থাকবে না। এছাড়া এবার নির্বাচনে বিএনসিসি সদস্যদেরও নিয়োগ দেওয়া হচ্ছে। এর আগে ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে যেভাবে শান্তিপূর্ণ পূজা উদযাপিত হয়েছে, একইভাবে জাতীয় নির্বাচনও শান্তিপূর্ণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় পুলিশের আইজি বাহারুল আলম, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক এবং বরিশাল বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমানসহ বিভাগের বিভিন্ন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান উপদেষ্টা।



