বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: রুহুল কুদ্দুস তালুকদার দুলু

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন যে, আসন্ন নির্বাচনে বিএনপির বিজয় ঠেকানোর জন্য সূক্ষ্ম কারচুপির চেষ্টা চালানো হচ্ছে। তবে দেশের সচেতন জনগণ এই ষড়যন্ত্র রুখে দেবে বলে তিনি বিশ্বাস করেন। সোমবার (২ ফেব্রুয়ারি) নাটোরের নলডাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত ধারাবাহিক পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় বক্তব্য প্রদানকালে দুলু বলেন, কোনো ধরনের ষড়যন্ত্র আর কাজে আসবে না কারণ মানুষ এখন বিএনপিকে ভোট দিয়ে সংসদে পাঠানোর জন্য প্রস্তুত হয়ে আছে। তিনি দাবি করেন, যত ষড়যন্ত্রই করা হোক না কেন, আগামী নির্বাচনে বিএনপিই জয়ী হয়ে সরকার গঠন করবে।

বিগত সরকারের সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগ প্রায় ১৮ বছর ক্ষমতায় থেকে দেশজুড়ে হত্যা, গুম ও লুটপাট চালিয়েছে। তারা বিরোধী মতাদর্শের মানুষকে শান্তিতে বসবাস করতে দেয়নি এবং সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ফলে দেশের মানুষ এখন একটি পরিবর্তনের আশায় ঐক্যবদ্ধ।

দলের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরে জনসংযোগ ও জনসমাবেশ শুরু করায় জনমনে নতুন আশার সঞ্চার হয়েছে। তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামীতে ক্ষমতায় গিয়ে ঘোষিত ‘৩১ দফা’র ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নলডাঙ্গার এই পথসভায় রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সঙ্গে জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, হাফিজ উদ্দিন হাফিজ, শহীদুল্লাহ সোহেল, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহ্বায়ক রাসেল আহম্মেদ রনি, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি এবং শ্রমিক নেতা শফিকুল ইসলাম বুলবুলসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *