বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতি করতে হলে সত্যের পথে থাকতে হবে এবং অন্যের গিবত বা সমালোচনা পরিহার করতে হবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কিসমত স্কুল মাঠে এক পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই সভায় মির্জা ফখরুল বলেন, “রাজনীতি করবেন, দয়া করে মিথ্যা কথা বলবেন না। গিবত গাইবেন না, অন্যের সমালোচনা করবেন না।” তিনি উল্লেখ করেন যে, কিছু রাজনৈতিক দল মানুষের ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে প্রতারণা করছে। বিশেষ করে জামায়াতে ইসলামী সম্পর্কে আলেম-ওলামা ও চরমোনাই পীরের বক্তব্যের বরাত দিয়ে তিনি বলেন, তারা ইসলামের কথা বলে সাধারণ ভোটার ও মা-বোনদের ভুল বোঝাচ্ছে। ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে’—এমন দাবিকে ইসলামি বিশ্বাসের পরিপন্থী উল্লেখ করে তিনি বলেন, জান্নাত পাওয়া বা না পাওয়া একমাত্র আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল।
সভায় মির্জা ফখরুল নারীদের সম্মান রক্ষার বিষয়েও গুরুত্বারোপ করেন। সাম্প্রতিক সময়ে কোনো একটি দলের নেতার নারীদের নিয়ে দেওয়া আপত্তিকর বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সেই মা-বোনদের যদি ইজ্জত-সম্মান না করতে পারি, তার সম্পর্কে কটু কথা বললে কি বেহেশতে যেতে পারব?”
পথসভায় উপস্থিত দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি কাজে বিশ্বাসী, অহেতুক সমালোচনায় নয়। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র ও মিথ্যাচার থেকে দূরে থেকে সত্য ও ন্যায়ের পথে প্রচার চালানোর জন্য তিনি সবাইকে আহ্বান জানান।



