হাজিদের সেবায় গাফিলতি হলে ক্ষমা নেই: হজ টিমের সদস্যদের সতর্ক করলেন ধর্মমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

হজযাত্রীদের সেবায় নিয়োজিত হজ টিমের সদস্যদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনা হজ অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কড়া বার্তা দেন।

ধর্মমন্ত্রী বলেন, “আপনারা হজযাত্রীদের খাদেম হিসেবে যাচ্ছেন। আল্লাহর মেহমানদের খেদমতের সুযোগ পাওয়া বড় সৌভাগ্যের বিষয়।” তিনি সদস্যদের সতর্ক করে বলেন, হাজিদের সঙ্গে যারা দুর্ব্যবহার করবে বা সেবায় এদিক-সেদিক করবে, তাদের কোনো ক্ষমা নেই। দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।

সরকারের ভাবমূর্তি রক্ষায় গুরুত্বারোপ করে কায়কোবাদ বলেন, “সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। আপনাদের এমন কিছু করা যাবে না যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।” তিনি জানান, যারা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন তাদের ভবিষ্যতে আবার সুযোগ দেওয়া হবে, কিন্তু যারা সেবা বাদ দিয়ে অন্য কাজে লিপ্ত হবেন, তাদের তাৎক্ষণিকভাবে মক্কা থেকে দেশে ফেরত পাঠানো হবে।

অনুষ্ঠানে ধর্মমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে হজ টিমের সদস্যরা হাত তুলে যথাযথভাবে সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, এস এম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

প্রশিক্ষণ কর্মশালায় হজ মনিটরিং টিম, প্রশাসনিক টিম, কারিগরি ও চিকিৎসক টিমের সদস্যরা অংশগ্রহণ করেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের দায়িত্ব ও কর্তব্য বুঝিয়ে দেন হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *