‘ফেসবুকে বট বাহিনীর অপপ্রচারে অতিষ্ঠ’: হাবিপ্রবিতে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ফেসবুকে সক্রিয় ‘বট বাহিনী’র অপপ্রচার ও ভুয়া ফটোকার্ড নিয়ে তীব্র ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার (১৭ এপ্রিল) দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “ফেসবুকে বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে। আমি বললাম জিরো পাস করলেও এবার এমপিও বাতিল হবে না, আর তারা লিখে দিল—ফেল করলে এমপিও বাতিল। তারা এমনকি প্রচার করছে আমি নাকি পরীক্ষার দিন রুটিন দেব! এখন দেখা যায় ফেসবুকেই দেশ চালায়।”

বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম সরাসরি তদারকি করার পরিকল্পনা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আই ওয়ান্ট টু সি এভরিথিং’। তিনি জানান, প্রতিটি বিশ্ববিদ্যালয় কীভাবে কাজ করছে তা দেখার জন্য মন্ত্রণালয়ে একটি বিশেষ সেল গঠন করা হচ্ছে। ইউজিসির রিপোর্টের পাশাপাশি মন্ত্রণালয়ের নিজস্ব রিপোর্টও থাকবে।

শিক্ষার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “সবাই শুধু বিল্ডিং আর অবকাঠামো চায়, কিন্তু এডুকেশনাল কোয়ালিটি কীভাবে ডেভেলপ করা যায়, তা নিয়ে কেউ টাকা চায় না। কোয়ালিটি এডুকেশনের জায়গায় আমরা অত্যন্ত দুর্বল।” তিনি আরও যোগ করেন, বিশ্বায়নের যুগে টিকে থাকতে না পারলে ভবিষ্যৎ অন্ধকার।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির এবং জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়াসহ স্থানীয় সংসদ সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *