চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা পেছানো হয়েছে। আগের নির্ধারিত ৭ জুনের পরিবর্তে এই পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। শনিবার (১৮ এপ্রিল) সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই সিদ্ধান্তের কথা জানান।
সভায় অংশগ্রহণকারী একজন বোর্ড চেয়ারম্যান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা পূর্ণ সিলেবাসে পরীক্ষা দিলেও প্রস্তুতির জন্য তুলনামূলক কম সময় পাচ্ছিল। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয় এবং গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। বিষয়গুলো সভায় গুরুত্বের সাথে আলোচনা করা হয়।
বোর্ড চেয়ারম্যান আরও জানান, পরীক্ষার রুটিন পুনর্নির্ধারণ করা হলে সেশন জ্যাম বা ভর্তি পরীক্ষায় কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। সবার মতামত শোনার পর শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের স্বার্থে পরীক্ষা প্রায় এক মাস পিছিয়ে দেওয়ার নির্দেশনা দেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জুলাইয়ের ২ তারিখ থেকে পরীক্ষা শুরু করার জন্য দ্রুত পূর্ণাঙ্গ রুটিন তৈরি করে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, এর আগে গত ২৯ মার্চ এক সভায় ৭ জুন থেকে পরীক্ষা শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং বোর্ডগুলো সে অনুযায়ী রুটিন জমা দিয়েছিল। তবে সময় স্বল্পতার কারণে পরীক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতি থেকে যাওয়ার আশঙ্কায় সেই সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করা হলো।



