২৭ এপ্রিল যশোর ও ২ মে সিলেটে খালখনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেটে সশরীরে উপস্থিত থেকে খালখনন কর্মসূচিতে অংশ নেবেন। রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বৈঠকের বিষয়ে মন্ত্রী জানান, পানিসম্পদ মন্ত্রণালয়ের জন্য নির্ধারিত ১৮০ দিনের বিশেষ কর্মসূচি এবং তা বাস্তবায়নের কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিশদ আলোচনা হয়েছে। বিশেষ করে গ্রামীণ জনপদের পানি নিষ্কাশন ও কৃষির উন্নয়নে খালখনন কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।

আসন্ন বন্যা পরিস্থিতি এবং জলাবদ্ধতা নিরসনে মন্ত্রণালয়ের প্রস্তুতি নিয়ে মন্ত্রী বলেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো অল্প সময়ের মধ্যে সমাধান করা চ্যালেঞ্জিং। তবে সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে। বিশেষ করে জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সচিবালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী রোববার বেলা ১২টায় সেখানে প্রবেশ করেন। পানিসম্পদ মন্ত্রণালয়ের বৈঠক শেষে নির্ধারিত সূচি অনুযায়ী তিনি নিজ দপ্তরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *