হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ বন্ধ’ করার ঘোষণা ইরানের; মার্কিন অবরোধের পাল্টা জবাব

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ইরানের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত বিশ্ববাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ‘হরমুজ প্রণালি’ সম্পূর্ণ বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এর আগে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তার স্বার্থে ইরান যে বিশেষ পথটি চালু রেখেছিল, এখন থেকে তাও বন্ধ থাকবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, আগে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে নির্দিষ্ট সমন্বয় এবং মাশুল প্রদানের মাধ্যমে বাণিজ্যিক জাহাজগুলোকে এই প্রণালিটি অতিক্রম করার সুযোগ দেওয়া হতো। তবে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সেই অনুমতি এখন থেকে পুরোপুরি বাতিল করা হয়েছে।

আইআরজিসি নৌবাহিনী কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, অবরোধ অমান্য করে এই প্রণালি দিয়ে জাহাজ চলাচলের চেষ্টা করা হলে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। তেহরান যুক্তরাষ্ট্রের এই নতুন অবরোধকে দুই দেশের মধ্যে হওয়া বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’-এর সূত্র অনুযায়ী, বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহের অন্যতম এই রুটটি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতি ও তেলের বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *