মাদারীপুরে অবৈধভাবে ভোজ্যতেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১৯ এপ্রিল) বিকেলে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল।
অভিযান সূত্রে জানা গেছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দলের সহযোগিতায় ধুয়াশার বাজারের ব্যবসায়ী বাচ্চু সরদারের বসতঘরের গুদামে হানা দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত করা ৩৭ হাজার লিটার সয়াবিন তেল পাওয়া যায়।
অধিক মুনাফার আশায় তেল মজুত করার অপরাধে ব্যবসায়ী বাচ্চু সরদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা তেল আগামী সোমবারের মধ্যে খোলা বাজারে ছেড়ে দেওয়ার শর্তে ওই ব্যবসায়ীর কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়েছে।
সহকারী পরিচালক সুচন্দ মণ্ডল জানান, ভোজ্যতেলের বাজার অস্থির করতেই এই বিপুল পরিমাণ তেল অবৈধভাবে মজুত করা হয়েছিল। জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।



