জ্বালানির অজুহাতে অতিরিক্ত ভাড়া বা পণ্যমূল্য বাড়ালে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জ্বালানির মূল্যবৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দাম নাটকীয়ভাবে বৃদ্ধির কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সরকার জ্বালানি পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজরদারি বাড়িয়েছে এবং কেউ অতিরিক্ত ভাড়া আদায় বা কারসাজি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় নারায়ণগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলের জায়গায় গড়ে ওঠা নিট শিল্প পল্লি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি শিল্প খাতের বর্তমান পরিস্থিতি ও সরকারি উদ্যোগের নানা দিক তুলে ধরেন।

জ্বালানি সংকটে রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়ার বিষয়ে মন্ত্রী জানান, বিদ্যুৎ উৎপাদনের পর অগ্রাধিকার ভিত্তিতে তা বেসরকারি শিল্প কারখানায় বিতরণ করা হচ্ছে। ফলে কেবল জ্বালানির কারণে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমেছে—এমন দাবি সঠিক নয়। বরং বৈশ্বিক বাজারের বিদ্যমান মন্দাভাবই রপ্তানি কমে যাওয়ার একটি অন্যতম কারণ বলে তিনি উল্লেখ করেন।

বিটিএমসির শিল্প প্লটগুলো নিয়ে মন্ত্রী বলেন, ইতিমধ্যে দুটি প্লটে শিল্প স্থাপন করা হয়েছে এবং একই প্রতিষ্ঠান আরও দুটি প্লট নিতে যাচ্ছে। বাকি প্লটগুলো স্থানীয় কিছু দখলে থাকার সমস্যার কথা স্বীকার করে তিনি বলেন, দ্রুততম সময়ে এসব সমস্যার সমাধান করে প্রতিটি প্লটে নতুন বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করা হবে। এ সময় তিনি শিল্পোদ্যোক্তাদের জ্বালানি সাশ্রয়ী বা ‘লেস ফুয়েল ইনটেনসিভ’ কারখানা তৈরির দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী টেক্সটাইল শিল্প পল্লির ‘বর্ণালী কালেকশন লিমিটেড’ নামের একটি পোশাক কারখানা ঘুরে দেখেন। পরে তারা চাষাড়া জিয়া হল প্রাঙ্গণে আয়োজিত বহুমুখী পাটপণ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *