যশোরের শার্শা উপজেলার উলসী খালে মাটি কেটে পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ঐতিহাসিক উলসী খালের পাড়ে পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বাবার স্মৃতিবিজড়িত এই খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক বিশাল জনসমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদকে বিভ্রান্ত করার অপচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “কিছু ব্যক্তি ও দল গণভোটকে ভিন্ন পথে পরিচালিত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা মূলত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বেকারদের কর্মসংস্থানের মতো জনকল্যাণমূলক কাজে ব্যাঘাত ঘটাতে চায়। জুলাই সনদ ধাপে ধাপে সম্পূর্ণ বাস্তবায়ন করা হবে এবং কেউ জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে ৫ আগস্টের মতো আবারও উপযুক্ত জবাব দেওয়া হবে।”

উন্নয়ন ও স্বনির্ভরতার ডাক দিয়ে তারেক রহমান বলেন, “২০ কোটি মানুষের ৪০ কোটি হাত আজ বসে থাকলে চলবে না। আমাদের সামনে সিঙ্গাপুর যদি তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে, তবে আমরাও পারবো।” এ সময় তিনি নারী শিক্ষার প্রসারে বড় ঘোষণা দিয়ে বলেন, মেয়েদের পড়াশোনা ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে করা হবে এবং মেধাবী ছাত্রীদের জন্য বিশেষ উপবৃত্তির ব্যবস্থা রাখা হবে।

উলসী খালের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমে এই ৪ কিলোমিটার খালটি খনন করেছিলেন। দীর্ঘ সময় সংস্কারের অভাবে এটি ভরাট ও দখল হয়ে গিয়েছিল। পুনঃখনন সম্পন্ন হলে প্রায় ২০ হাজার কৃষক সরাসরি পানি পাবে, ১৪০০ টন বাড়তি ফসল উৎপাদন হবে এবং প্রায় ৭২ হাজার মানুষ সরাসরি উপকৃত হবে। প্রধানমন্ত্রী নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে এই খনন কাজের সূচনা করেন এবং খালের পাড়ে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সমাবেশে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সীমান্ত জেলা যশোরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *