প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামীকাল শনিবার (২ মে) সিলেট সফরে যাচ্ছেন। দিনব্যাপী এই সফরে তিনি ধর্মীয় স্থান জিয়ারত, উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রধানমন্ত্রী তার সফর শুরু করবেন। এরপর বেলা ১১টায় সিলেট সার্কিট হাউস সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় শহরবাসীর জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সেখানে আয়োজিত এক সুধী সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।
সফরের পরবর্তী অংশে দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরিবেশ রক্ষা ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে এই প্রকল্পটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে।
বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বিশেষ প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন ক্রীড়া স্পোর্টস–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। সবশেষে বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলীয় সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।
সরকারি সূত্র জানিয়েছে, এই সফরে প্রধানমন্ত্রী স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড সরাসরি তদারকি করবেন এবং চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন। তার এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।



