লক্ষ্মীপুরে ৯৫ জন স্বর্ণ ব্যবসায়ীকে বাজুসের স্মার্টকার্ড ও সনদ প্রদান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

লক্ষ্মীপুর পৌরসভার প্রায় ৯৫ জন সোনা ব্যবসায়ীর মাঝে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্মার্টকার্ড ও সনদ বিতরণ করা হয়েছে। শনিবার (২ মে) রাতে জেলা শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় লক্ষ্মীপুর পৌর বাজার মনিটরিং সেল কমিটির ব্যানারে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব সনদ ও কার্ড তুলে দেওয়া হয়।

লক্ষ্মীপুর পৌর বাজুসের সভাপতি অপূর্ব লাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস জেলা শাখার সভাপতি সমীর কর্মকার। প্রধান বক্তা ছিলেন জেলা বাজুসের সাধারণ সম্পাদক পরেশ কর্মকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লক্ষ্মীপুর পৌর বাজুসের সাধারণ সম্পাদক পলাশ কুরী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সমীর কর্মকার বলেন, দীর্ঘ ১৯ বছর পর ২০২৪ সালে নির্বাচনের মাধ্যমে আমরা দায়িত্ব গ্রহণ করি। এরপর থেকেই স্বর্ণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এবং পেশার মানোন্নয়নে কাজ করে যাচ্ছি। তিনি আরও জানান, খুব শিগগিরই বাজুসের ২০২৬-২০২৮ সেশনের নির্বাচনের আয়োজন করা হবে। সংগঠনের স্বার্থে ‘বসন্তের কোকিল’ বা কোনো কুচক্রী মহলকে সুযোগ না দিয়ে প্রকৃত ও দক্ষ স্বর্ণ ব্যবসায়ীদের নেতৃত্ব নির্বাচনে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, জুয়েলারি খাতে স্বচ্ছতা আনতে সরকারি আইন ও বিধিমালা কঠোরভাবে মেনে চলতে হবে। এই স্মার্টকার্ড ও সনদ ব্যবসায়ীদের পেশাগত পরিচয় নিশ্চিত করার পাশাপাশি বাজারে শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বাজার মনিটরিং সেলের প্রধান উপদেষ্টা দীলিপ সাহা, জেলা বাজুসের সহ-সভাপতি জুলাশ কুরী, সহদেব কুরী এবং জেলা বাজার দর সমন্বয় কমিটির সভাপতি পলাশ কুরীসহ জেলা ও পৌর কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *