আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর হচ্ছে বগুড়া এয়ারফিল্ড: পর্যটনমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর আকাশপথের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন শেষে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, “উত্তরাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা এই পরিদর্শন করছি।” তিনি আরও উল্লেখ করেন যে, এই বৃহৎ পরিকল্পনার যাত্রা বগুড়া দিয়েই শুরু হচ্ছে, যা এ অঞ্চলের কৃষি, শিল্প ও পর্যটন খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য রানওয়েকে ১০ হাজার ৫০০ ফুটে উন্নীত করা হবে। এখানে বিমান বাহিনীর তত্ত্বাবধানে একটি পাইলট একাডেমি ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে। ফলে সামরিক পাইলটদের পাশাপাশি বেসামরিক মেধাবী তরুণ-তরুণীরাও পাইলট হওয়ার সুযোগ পাবেন।

রানওয়ে সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের বিষয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের জমির বর্তমান বাজারদরের তিনগুণ মূল্য পরিশোধ করা হবে। তাই সংশ্লিষ্ট এলাকায় নতুন কোনো স্থাপনা নির্মাণ না করতে তিনি স্থানীয়দের আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে আকাশসীমা সুরক্ষায় সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাণিজ্যিক ফ্লাইট চালুর মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দ্রুত বাণিজ্যিক ফ্লাইট চালুর প্রক্রিয়া শুরু করবে এবং বিমান বাহিনী এতে সার্বিক সহযোগিতা দেবে।

এ সময় পরিদর্শন দলে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, সংসদ সদস্য রেজাউল করিম বাদশা ও মোশারফ হোসেন, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।