দায়িত্ববোধের জায়গা থেকে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নিয়ে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট করে বলেন, জনপ্রিয় সিদ্ধান্তের পরিবর্তে বিচারকদের সবসময় আইন অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে।
শনিবার (৯ মে) সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৩৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তার জন্য এই পাঁচ দিনব্যাপী কোর্সের আয়োজন করা হয়।
আইনমন্ত্রী বলেন, একজন বিচারকের স্বাধীনতা তার মনন ও কলমে নিহিত। যখন একজন বিচারক পোস্টিং বা ঢাকার অবস্থানের জন্য রাজনৈতিক ব্যক্তিদের পেছনে তদবির শুরু করেন, তখন তিনি নিজের এবং রাষ্ট্রের প্রতি জাস্টিস করতে পারেন না। তিনি বিচারকদের নিজ নিজ জায়গা থেকে যথাযথভাবে দায়িত্ব পালনের তাগিদ দেন।
জুডিসিয়ারিকে জনগণের আস্থা ও বিশ্বাসের জায়গায় ফিরিয়ে নিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আসাদুজ্জামান বলেন, “আমরা দেশে আর শপথবদ্ধ রাজনীতিবিদ চাই না। কোনো বিচারকের নেতিবাচক আচরণের কারণে যেন গোটা বিচার বিভাগের ওপর মানুষের ক্ষোভ তৈরি না হয়।” তিনি প্রধান বিচারপতির বাসভবনকে একটি ‘তীর্থস্থানের’ মতো সম্মানজনক জায়গা হিসেবে উল্লেখ করে এর মর্যাদা রক্ষার আহ্বান জানান।
বিগত সরকারের আমলের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ৫ আগস্টের পর জনগণের কাছে আমাদের জবাবদিহিতা বেড়েছে। যারা রাত ১২টা-১টায় মোমবাতি জ্বালিয়ে বিরোধী পক্ষকে দমনের জন্য বিচারকার্য পরিচালনা করেছেন, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে , তা এখন সময়ের দাবি। আইন মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, আর্থিক বা বুদ্ধিবৃত্তিক, কোনো ধরনের দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হবে না। তিনি সতর্ক করে বলেন, দুর্নীতি প্রতিরোধে ব্যর্থ হলে আইনের শাসন ও মানবাধিকার রক্ষার সব সংগ্রামই ব্যর্থ হবে, যার দায়ভার আগামী প্রজন্মের কাছে কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি (অব.) মো. এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



