হাওরে ক্ষতিগ্রস্তদের তালিকায় গরমিল: প্রধানমন্ত্রীর ক্ষোভ, নতুন করে যাচাই-বাছাইয়ের নির্দেশ লুৎফুজ্জামান বাবরের

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

চলতি বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনার হাওড়াঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের যে তালিকা প্রস্তুত করা হয়েছে, তাতে ব্যাপক ত্রুটি থাকায় প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। তিনি স্পষ্ট করেছেন যে, বর্তমান তালিকাটি গ্রহণযোগ্য হয়নি এবং এটি নতুন করে যাচাই-বাছাই করে প্রণয়ন করা হবে।

শনিবার (৯ মে) বিকেলে নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের মনিকা পশ্চিমপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় জনতার উদ্দেশে তিনি এসব কথা বলেন। বাবর জানান, তালিকায় প্রকৃত কৃষকদের নাম বাদ দিয়ে এমন অনেকের নাম অন্তর্ভুক্ত হয়েছে যারা চাষের সাথে জড়িত নন।

এমপি বাবর বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। তালিকা তৈরির ক্ষেত্রে দলীয় প্রভাবমুক্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তালিকা যাচাই-বাছাইকালে যদি আমার দলের কোনো লোক চাপ দেয়, তাদের কথা আপনারা শুনবেন না। যারা পাওয়ার যোগ্যতা রাখে তারাই পাবে।” নতুন তালিকায় বর্গাচাষি ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।

হাওড়ের মৎস্য সম্পদ রক্ষায় কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, হাওড়ে যেকোনো অবৈধ জাল পাওয়া গেলে তা পুড়িয়ে ফেলতে হবে। সরকারের পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নেও তিনি হাওড়ে মাছের পোনা ছাড়বেন বলে জানান। তাই নির্দিষ্ট সময় পর্যন্ত হাওড়ে মাছ না ধরার জন্য তিনি জেলেদের অনুরোধ করেন। জেলেদের সহায়তার বিষয়ে তিনি ত্রাণমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং বিকল্প উপায়ে সাহায্যের আশ্বাস পেয়েছেন বলে উল্লেখ করেন।

হাওড়াঞ্চলের দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রসঙ্গে লুৎফুজ্জামান বাবর বলেন, বিচ্ছিন্ন কোনো উন্নয়ন দিয়ে হাওড়ের মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব নয়। হাওড়ের বাস্তবতা ও পরিবেশ বিবেচনা করে অচিরেই একটি সুপরিকল্পিত ‘পঞ্চবার্ষিকী পরিকল্পনা’ গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে মদন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী, সহকারী কমিশনার শাওলীন নাহারসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।