গ্রামীণ জনপদকে শহরের আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সাজিয়ে তোলা হবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। মঙ্গলবার (১২ মে) নিজ সংসদীয় এলাকা চট্টগ্রামের হাটহাজারীতে আটটি বিভিন্নমুখী উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—সড়ক কার্পেটিং, আরসিসি ঢালাই সড়ক নির্মাণ, নালা (ড্রেন) নির্মাণ এবং নতুন সেতু তৈরি। এই অবকাঠামোগত উন্নয়নের ফলে অত্র অঞ্চলের জনসাধারণের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মীর হেলাল বলেন, ‘প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ নিরন্তর এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো গ্রামীণ জনপদকে শহরের সুযোগ-সুবিধায় সাজিয়ে তোলা। এই আটটি প্রকল্প বাস্তবায়নের ফলে হাটহাজারীবাসীর জীবনযাত্রার মান বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।’
তিনি আরও উল্লেখ করেন যে, সরকারের মূল লক্ষ্য হলো শহর ও গ্রামের মধ্যকার বিদ্যমান বৈষম্য কমিয়ে প্রতিটি অঞ্চলে সমান উন্নয়ন নিশ্চিত করা। হাটহাজারী এলাকায় শিক্ষা, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সুবিধা সম্প্রসারণে ভবিষ্যতে আরও বৃহৎ প্রকল্প গ্রহণ করা হবে বলেও তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করেন।
হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মুমিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



