জুন মাসের মধ্যে সৌর বিদ্যুতের নতুন নীতিমালা আসছে, বিনিয়োগে বড় সুযোগের হাতছানি

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশে সৌর বিদ্যুতের প্রসার ও বেসরকারি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে আগামী জুনের মধ্যেই নতুন একটি বিশেষ নীতিমালা ঘোষণা করতে যাচ্ছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, এই নীতিমালা বাস্তবায়িত হলে তৈরি পোশাক শিল্পের মতো দেশের সৌর বিদ্যুৎ খাতেও বিপ্লব ঘটতে পারে।

বুধবার (১৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), পিপিপি কর্তৃপক্ষ এবং বিদ্যুৎ বিভাগের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বের অন্যতম অগ্রাধিকার খাত হলো সৌর বিদ্যুৎ। বাংলাদেশও দ্রুত এই খাতে টেকসই অগ্রগতি চায়। বেসরকারি বিনিয়োগকারীরা যাতে তাদের বিনিয়োগের যথাযথ সুফল পান, সরকার সেই লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে জানানো হয়, ফেনীর সোনাগাজীতে বেজার মালিকানাধীন ৪১২ একর জমিতে পিপিপি (সরকারি-বেসরকারি অংশীদারিত্ব) ভিত্তিতে একটি বড় সৌর বিদ্যুৎ প্রকল্প নেওয়া হয়েছে। ‘১৩০-১৪০ মেগাওয়াট গ্রিড-টাইড সোলার পাওয়ার প্লাস ব্যাটারি স্টোরেজ’ শীর্ষক এই প্রকল্পে উৎপাদিত বিদ্যুৎ কিনবে বিপিডিবি। প্রকল্পটি সফল হলে এটি সারাদেশে একটি আদর্শ মডেল হিসেবে কাজ করবে।

বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, চলতি বছরের আগস্টের মধ্যে এই পাইলট প্রকল্পের ক্রয় প্রক্রিয়া শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমদানিনির্ভর জ্বালানির চাপ কমাতে এবং গ্রিডের স্থিতিশীলতা রক্ষায় সৌর বিদ্যুৎ এখন অপরিহার্য।

উল্লেখ্য, এই প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্যতা যাচাই ও আর্থিক মডেলিংয়ে সহায়তা করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমেই বিদ্যুতের ট্যারিফ বা দাম নির্ধারিত হবে। গত ৭ এপ্রিল সরকার পিপিপি ভিত্তিতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নের যে নতুন গাইডলাইন অনুমোদন করেছে, তার অধীনেই এই সোনাগাজী প্রকল্পকে ‘পাইলট প্রকল্প’ হিসেবে গণ্য করা হচ্ছে।