ছাত্ররাজনীতিকে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীদের রাজনীতি থেকে বিমুখ না হওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, দেশের স্বার্থে সচেতনভাবে শিক্ষার্থীদের ছাত্ররাজনীতিতে সম্পৃক্ত হওয়া প্রয়োজন, কারণ এখান থেকে গড়ে ওঠা নেতৃত্বই পরবর্তীতে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারে।
মঙ্গলবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘সিটিজেন ডায়ালগ: ম্যানিফেস্টো টু অ্যাকশন চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজের ছাত্রজীবনের রাজনৈতিক অভিজ্ঞতা ও ডাকসুর সাবেক প্রতিনিধি হিসেবে স্মৃতি চারণ করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজির ছাত্র হিসেবে তিনি চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারতেন। কিন্তু ছাত্ররাজনীতির পথ বেছে নেওয়ার কারণেই আজ জাতীয় রাজনীতিতে বৃহত্তর পরিসরে সমাজ, রাষ্ট্র ও মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছেন। তিনি সতর্ক করে বলেন, শিক্ষার্থীরা রাজনীতি থেকে দূরে সরে গেলে আলটিমেটলি দেশেরই ক্ষতি হবে।
অনুষ্ঠানে সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে পানিসম্পদ মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। দেশের আগামী ৫০ বছরের পানি ব্যবস্থাপনা, কৃষি, মৎস্য ও গ্রামীণ অর্থনীতি টিকিয়ে রাখতে এই কর্মসূচির কোনো বিকল্প নেই। এর পাশাপাশি পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের এক-তৃতীয়াংশ মানুষ সরাসরি উপকৃত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অন্যদিকে, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বর্তমান সরকার মাত্র তিন মাসে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নিতে শুরু করেছে। দেশে বর্তমানে বছরে প্রায় ৪০ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়, যার মধ্যে ৫ লাখ টনই ইলিশ। বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ৭০ থেকে ৮০ শতাংশ বাংলাদেশে হয় উল্লেখ করে তিনি বলেন, অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ভবিষ্যতে মাছ ও গবাদিপশু খাত থেকে বড় ধরনের রপ্তানি আয় সম্ভব।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদও বক্তব্য রাখেন। বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক ও রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চ্যানেল ওয়ানের সিনিয়র সাংবাদিক হাবিব রহমান ও ব্রাইটার্স ফারিহা অমি।



