দেশের মানুষ এখন অনেক সচেতন এবং তারা সবকিছু বোঝেন ও জানেন উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভুল করলে দেশের জনগণ আমাদেরও কোনোভাবে ক্ষমা করবে না। ছাত্র-জনতার রক্ত ও প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের সুযোগকে কোনোভাবেই ম্লান হতে দেওয়া যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
শনিবার (২৩ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে সংস্থার ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রকৌশলীদের প্রতি দেশের মানুষের অনেক প্রত্যাশা রয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলী সমাজকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যৎ উন্নয়নের জন্য এমন পরিকল্পনা গ্রহণ করতে হবে যা সরাসরি জনকল্যাণে ও মানুষের উপকারে কাজে লাগে। তিনি পুরোনো ঘুণে ধরা বাংলাদেশে আর ফিরে না যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বিগত সরকারের আমলের দুর্নীতির চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে এলজিইডি বিভাগ থেকে কেবল পিরোজপুর জেলাতেই সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। এই ধরনের আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রকৌশলীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে দৃষ্টি দেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে দেশের দ্রুত অগ্রগতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন দিগন্ত সৃষ্টি করার আহ্বান জানান মন্ত্রী।
সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু। তিনি বলেন, আইইবি দল-মত নির্বিশেষে সকল প্রকৌশলীকে একত্রিত করে দেশের প্রযুক্তিগত অগ্রগতি এবং জাতি গঠনে ধারাবাহিক অবদান রেখে চলেছে। আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইইবি সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল), সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য প্রকৌশলী সানজিদা ইসলাম (তুলি), প্রকৌশলী মাহবুবা হাকিম ক্যামেলিয়া, প্রকৌশলী মারদিয়া মমতাজ এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ড. প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাকী উপস্থিত ছিলেন।



