হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে সাতটায় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে এই জামাত শুরু হয়। এবারের প্রধান ঈদ জামাতের অন্যতম বিশেষত্ব ছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একসঙ্গে নামাজ আদায়।
নির্ধারিত সময়ের কিছুটা আগেই রাষ্ট্র ও সরকারপ্রধান জাতীয় ঈদগাহে এসে পৌঁছান। সরকারি তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সকাল ৭টা ১৯ মিনিটে এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকাল ৭টা ২৭ মিনিটে ঈদগাহ ময়দানে উপস্থিত হন। তাঁদের আগমনকে কেন্দ্র করে ঈদগাহ প্রাঙ্গণে বিশেষ প্রস্তুতি রাখা হয়।
জাতীয় ঈদগাহের এই প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও জাতীয় সংসদের স্পিকার, দেশের প্রধান বিচারপতি এবং মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ অংশ নেন। এছাড়াও ঢাকাস্থ বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকেরা এই জামাতে শরিক হন। সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট নাগরিকসহ রাজধানীর সর্বস্তরের সাধারণ মুসল্লিরা এই জামাতে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করেন।
এদিকে, প্রধান এই ঈদ জামাতকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জাতীয় ঈদগাহ ও এর আশপাশের পুরো এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মাঠের ভেতর ও বাইরে কঠোর নজরদারি নিশ্চিত করা হয়।
তাছাড়া মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে ট্রাফিক ব্যবস্থায় বিশেষ পরিবর্তন আনা হয়েছে। পল্টন ও হাইকোর্ট মোড় সংলগ্ন সড়কগুলোতে সাধারণ যানবাহন চলাচল ও পার্কিংয়ের ওপর বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।



