মুসলিম বিশ্বের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বর্তমানে মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলো পরাশক্তির নির্যাতনের কারণে পীড়িত এবং মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পবিত্র ঈদুল আজহা সবার জন্য ত্যাগের বাণী নিয়ে এসেছে উল্লেখ করে তিনি বলেন, দেশের একটি বৃহৎ অংশ বর্তমানে অর্থনৈতিক কারণে কষ্টে রয়েছে। সচ্ছল ও অসচ্ছল সবাই মিলেমিশে সুখ-দুঃখ ভাগাভাগি করে যেন সুন্দর জীবনযাপন করতে পারে—সেজন্য তিনি মহান আল্লাহর রহমত কামনা করেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় নিজ নির্বাচনি এলাকার লালমোহন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করেন স্পিকার। নামাজ শেষে সেখানে উপস্থিত প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদের স্পিকার হিসেবে নিজের জন্মস্থানের মানুষের মাঝে ফিরে আসতে পেরে অত্যন্ত আনন্দিত বলে ব্যক্ত করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। অনেক স্বপ্ন ধারণ করে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু সেই স্বপ্ন আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।’ তবে বহু চেষ্টা ও ত্যাগের পর দেশে পুনরায় গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে এসেছে এবং আগামী দিনগুলোতে এই গণতান্ত্রিক সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে বলে তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন।

স্পিকার আরও উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সাধারণ মানুষের কল্যাণে সরকার পূর্ণাঙ্গভাবে আত্মনিয়োগ করবে। বর্তমানে মানুষের মধ্যে কোনো ধরনের আতঙ্ক নেই এবং সর্বস্তরের মানুষ বাকস্বাধীনতা ভোগ করছে।

রাজনৈতিক বিশ্বাসের কারণে ভবিষ্যতে কাউকে আর নিগৃহীত হতে হবে না জানিয়ে তিনি বলেন, এটিই গণতন্ত্রের আসল সুফল। বাংলাদেশে গণতন্ত্র স্থায়ী রূপ পাবে এবং ভবিষ্যতে কেউ কাউকে নিপীড়ন করতে পারবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

ঈদের এই প্রধান জামাত ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লালমোহন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সাধারণ মুসল্লি উপস্থিত ছিলেন।