প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও হত্যার হুমকির অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক কেন্দ্রীয় নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক আনোয়ার হোসেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক হিসেবে পরিচিত।
শনিবার (৩০ মে) রাত ৮টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষুব্ধ জনতা আনোয়ার হোসেনকে আটকে রেখে মারধর করে। এ সময় আনোয়ার হোসেন দাবি করেন, রায়পুরের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার অনুসারীরা তাঁর ওপর এই হামলা চালিয়েছে।
খবর পেয়ে রায়পুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আনোয়ার হোসেনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের একাংশের দাবি, আনোয়ার হোসেন অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি এনসিপিতে যোগ দেন। এর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতাকে নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
এদিকে এ ঘটনার পর রোববার (৩১ মে) দুপুরে সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের বাসিন্দা রুহুল আমিন বাদী হয়ে আনোয়ার হোসেনসহ চারজনের বিরুদ্ধে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে আনোয়ার হোসেন পুলিশ হেফাজতে রয়েছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ আনোয়ার হোসেনকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাঁর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।



