চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর অঞ্চলের সন্ত্রাসীদের চিরতরে নির্মূল করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, অপরাধীরা যার আশ্রয়-প্রশ্রয়েই থাকুক না কেন, তাদের প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। তবে সেখানে বসবাসরত সাধারণ বাসিন্দাদের উচ্ছেদ করা হবে না বলে তিনি আশ্বস্ত করেন।
রোববার (৩১ মে) দুপুর দেড়টায় চট্টগ্রাম সার্কিট হাউজে স্থানীয় সংসদ সদস্য, সিটি মেয়র এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। এর আগে সকালে তিনি জঙ্গল সলিমপুর এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় বাহিনীকে যারা চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস দেখিয়েছে, তাদের আশ্রয়স্থল কোথায় তা খতিয়ে দেখা হচ্ছে। দেশে জনপ্রত্যাশা অনুযায়ী কার্যকরভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং সন্ত্রাসীদের সর্বশেষ আস্তানাও নির্মূল করা হবে।
তিনি আরও জানান, জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, বিজিবি, র্যাব ও সামরিক বাহিনীসহ রাষ্ট্রের বিভিন্ন সংস্থার প্রায় চার হাজার সদস্য হেলিকপ্টার নিয়ে সমন্বিত যৌথ অভিযান চালিয়েছে। এই মুহূর্তে সরকারের প্রথম লক্ষ্য হলো ওই এলাকায় দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা।
এদিকে জঙ্গল সলিমপুর, আলীনগর ও এর আশপাশের এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি উল্লেখ করেন, সেখানে নতুন কারাগার স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। সাধারণ মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন, এলাকার কাউকে উচ্ছেদ করা হবে না এবং যাদের পুনর্বাসন প্রয়োজন, তাদের জন্য সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে।
সম্প্রতি চট্টগ্রামের জেলা প্রশাসকের একটি বক্তব্যকে কেন্দ্র করে পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে তৈরি হওয়া প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, জেলা প্রশাসনের সঙ্গে কোনো বাহিনীর দূরত্ব বা তফাৎ নেই। রাষ্ট্রের প্রতিটি বাহিনীই সরকারের অঙ্গ এবং সবাই জনগণের নিরাপত্তা ও জনস্বার্থে কাজ করছে। দেশে শান্তি বজায় রাখতে তিনি গণমাধ্যমের সঠিক তথ্য ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সার্কিট হাউজের এই মতবিনিময় সভায় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এরশাদ উল্লাহ, মোহাম্মদ আবু সুফিয়ান, মোহাম্মদ এনামুল হক, হুম্মাম কাদের চৌধুরী, জসীম উদ্দীন আহমেদ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া আইজিপি মো. আলী হোসেন ফকির, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।



